চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ষড়যন্ত্র ও নস্যাৎ করেছে দিয়েছেন। এটি হচ্ছে আমাদের প্রথম বিজয়। আমাদের দ্বিতীয় বিজয় হবে আগামী ৭ জানুয়ারি। ঐদিন আমাদের সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না সেটি বিষয় নয়, ৭ জানুয়ারি যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিবে, বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকরা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করবে, তখন সকল ষড়যন্ত্র ভেসে যাবে।
প্রধান বক্তার বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন এবং বিশেষ বক্তার বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানী।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ, আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
পথসভার আয়োজন করে কচুয়া উপজেলা ছাত্রলীগ। চাঁদপুর-১ (কচুয়া) আসনে এ বছর প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. সেলিম মাহমুদ।



