চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে আট মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূ মিলি আক্তারের ওপর এসিড নিক্ষেপ কারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাব সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান, মিলির আত্মীয় আলমগীর হোসেন ভূঁইয়া, খালতো বোন গোলিপী বেগম, বড় বোন শারমিন আক্তার প্রমুখ।
গত ২৫ ফেব্রুয়ারি (রাত সাড়ে ৯টায়) উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মিলির পিতা মো. আইয়ুব আলী প্রধান বাদী হয়ে মতলব উত্তর থানায় ২ জনকে (মোঃ মানিক ও মোঃ বাদল) আসামি করে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) মামলা দায়ের করেন।
মিলি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মিলির পিতা আইয়ুব আলী প্রধান জানান ,২৫ ফেব্রুয়ারি রাতে আমি মহল্লার মসজিদে নামাজ পরতে যাই। এসে শুনি পাশবর্তী মরোজকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মোঃ মানিক (৩২) আমাদের বসত করে এসে আমার স্ত্রী ও কন্যাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে বোতল থেকে এসিড মারে। এতে আমার কন্যা মিলি আক্তার ও স্ত্রী রাশিদা বেগম এর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন বলেন, এসিড নিক্ষেপ জঘন্য কাজ। যা ক্ষমার অযোগ্য। তিনি এই ঘটনায় জড়িত ব্যাক্তিদের শাস্তি দাবী করেন।
ফম/এমএমএ/



