কুমিল্লা: ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার ধর্মপুরে তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ধর্মপুর শাখা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের চেয়ারম্যান শাহ মো. ওলিউর রহমান চিশতী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওলিউর রহমান চিশতী বলেন, আলহামদুলিল্লাহ, ফলাফলের মানের দিক থেকে আমরা প্রথম হয়েছি। আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পায়, রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করে। কয়েক দিন আগেও আমাদের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছে। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে আমরা ভালো একটি অবস্থানে রয়েছি।
শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সমস্যায় থাকা শিক্ষার্থীদের সহযোগিতার জন্যও প্রতিষ্ঠান কাজ করছে। এ ক্ষেত্রে অসচ্ছল শিক্ষার্থীদের আবেদন ও তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী কাউকে ফিরিয়ে না দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন বলেও জানান তিনি।
মেয়ে শিশুদের শিক্ষা ও নিরাপত্তা প্রসঙ্গে শাহ মো. ওলিউর রহমান চিশতী বলেন, প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু থাকবে। প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা করবে। প্রথম শ্রেণি থেকে শ্রেণি কার্যক্রম পৃথক রাখার ব্যবস্থা থাকবে। মেয়েদের জন্য নারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষার উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান। তানযীম সংগীত ও হামদ পরিবেশন করে তানযীম শিল্পীগোষ্ঠী।
স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহর চাঁদপুর ব্রাঞ্চ ইনচার্জ হাফেজ ইমরান হোসাইন। এ সময় কুমিল্লা শাখা প্রধান শায়খ ইউসুফ আল আজহারী মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইফতেখারুল আলম ভূঁইয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাউছার আলম ভূঁইয়া, একবালিয়া মাদরাসার প্রভাষক হাবিবুর রহমান আল ফরিদী, বিশিষ্ট রাজনীতিবিদ শফিউল আলম রায়হান এবং আল-আবরার মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম মুসাফির।
তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ রাশেদুল ইসলাম, লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের কুমিল্লা জেলা সভাপতি আরিফুল ইসলাম টুকু, সাংবাদিক ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি অ্যাডভোকেট মো. রুবেল, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরফুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম ফয়সাল এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার রাশেদুল হক রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন একবালিয়া মাদরাসার প্রভাষক হাবিবুর রহমান আল ফরিদী।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ফম/এমএমএ/


