চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি চায়না জাল, যার দৈর্ঘ্য ২৪০ মিটার জব্দ করা হয়। যারআনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী ডুবোচরে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
গ্রেপ্তার জেলেরা হলেন-মো. আলী আকবর (৪৫), মো. আজহারুল (৫৫) ও মো. জয়নাল প্রধান (৫৪)। তাঁরা সবাই ওই ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ আহরণের অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ছয়টি চায়না জাল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।
ফম/এমএমএ/


