মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আটক, জব্দ নিষিদ্ধ জাল

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাইসহ তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাতে পরিচালিত এ অভিযান মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

আটক ব্যক্তিরা হলেন-বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। এদের বাড়ির মতলব উত্তর উপজেলায়।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন অভিযানের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাই ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় জালগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম