চাঁদপুর : চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণ করায় দুই মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্য তালিকা না থাকায় আরও দুই হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বড় স্টেশন মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নষ্ট ও পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় খাওয়া দাওয়া হোটেলকে ২ হাজার টাকা এবং আরফান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। পরে জব্দ করা নষ্ট ও পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


