চাঁদপুর: চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ এর পাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যাভিনেতা গোবিন্দ মন্ডল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এবং মেহেদী লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার।
সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব বিন ছায়েদ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাংবাদিক জামাল আখন্দ, সাংবাদিক ও নাট্যকর্মী মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সাংবাদিক ও লেখক কবির হোসেন মিজি, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক ও সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ ৩৩ বছর ধরে চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিকমনা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
বক্তারা আরো বলেন, মেহেদী উৎসব প্রতিযোগিতা শুধু একটি আনন্দ আয়োজন নয়, এটি নতুন প্রজন্মের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করার একটি সুন্দর উদ্যোগ। বাঙালির নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এবং বিশ্বমঞ্চে তুলে ধরার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি বরাবরের মতো ভবিষ্যতেও এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করবে। আসন্ন মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ উৎসবমুখর ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কুড়ি ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন লেখক অভিজিৎ আচার্যী, নৃত্য পরিচালক কাজী শাকিলসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/



