চাঁদপুর : চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এলএমএসইউপিপি প্রকল্পের আওতায় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, এসব উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে সুবিধাভোগীদের সফল হতে হবে। তাঁরা সফল হলে ভবিষ্যতে ইউএনডিপির কাছ থেকে আরও বড় পরিসরে সহযোগিতা নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
ফুড কার্ট ব্যবহারকারীদের পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, কার্টের আশপাশে ময়লা-আবর্জনা জমতে দেওয়া যাবে না। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে ৩৯ জনকে কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পিউটার, ৪৬ জনকে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন এবং ৬৪টি ফুড কার্ট বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় উপকারভোগীরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে।



