চাঁদপুর : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে তার প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের রহিমানগর-কচুয়া সড়কের পালগিরি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, পালগিরি নুরানী দাখিল মাদ্রাসা, পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কর্মসূচিতে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আক্তার হোসেন, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও অভিভাবক শাহ আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, পালগিরি নুরানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু জাফর, পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সরকার, অভিভাবক ও প্রবাসী মিলন এবং সমাজসেবক ডা. মুকবুল হোসেন।
বক্তারা দাবি করেন, শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং কিছু শিক্ষার্থীকে উসকে দিয়ে আন্দোলনের চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তাদের ধারণা। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা শিক্ষা ব্যবস্থার স্বার্থে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
ফম/এমএমএ/



