
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জুম্মান হোসেন মিরাজ (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় তাহসিন নামের আরেক আরোহী।
বুধবার (২২ জুলাই) বিকালে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ টিএনটি অফিস থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে বাহার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জুম্মান হোসেন মিরাজ ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা মো. আহসান উল্লাহ দেওয়ান এর ছোট ছেলে। আর আহত তাহসিন একই উপজেলার ৪নং ওয়ার্ডের মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জুম্মান হোসেন মিরাজ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, ফরিদগঞ্জ-রায়পুর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থাই এ দুর্ঘটনার অন্যতম কারণ। ভাতিজার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এভাবে সন্তান হারানোর বেদনা সইতে না হয়, সে জন্য দ্রুত সড়কটির সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান আনোয়ার হোসেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফম/এমএমএ/



