বর্ণিল আয়োজনে চাঁদপুরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনগণের প্রত্যাশা পূরণেএনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে  : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। ছবি: সংগ্রহীত।
চাঁদপুর: বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এই উপলক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
‘সময়ের সাথে আগামীর পথে’ এই অঙ্গীকারকে ধারণ করে এনটিভি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। দীর্ঘ সাফল্যগাঁথা ও দর্শকের বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি ২৪ বছরে পদার্পণ করেছে। আগামীতেও চাঁদপুরের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের গল্প নিয়ে মানুষের পাশে থাকবে এনটিভি-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সময় টিভির সিনিয়র প্রতিবেদক ফারুক আহম্মদ।
শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সভাপতি একে আজাদ, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ বাবুরা শাখার উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, মোহনা টিভির সৌদিআরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, ডেইলি সানের প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মহসিন হোসাইন, কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আলামিন হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি সব সময় দেখেছি এনটিভি আমাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এনটিভি এভাবেই মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি জেলার মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে আরও কার্যকর ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
 ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম