হাইমচরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর : চাঁদপুরের হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) নামের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোট মেয়ে। সে শহরের একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মাঝি তার পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তার স্ত্রী-সন্তানেরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম