উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি

মাসিক উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রোববার (১৭ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এই উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন বিগত সভার কার্যবিবরণী, গৃহীত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব। চাঁদপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেকোনো উন্নয়নমূলক উদ্যোগ ও সমস্যার সমাধানে জেলা প্রশাসন সবসময় সহযোগিতা প্রদান করবে।

তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সক্রিয়করণ, গ্রাম আদালত কার্যকর করা, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে লোকবল সংকট নিরসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এছাড়াও আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি ত্রুটিপূর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকল দপ্তর প্রধানকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশল নাসিম আহমেদ টিটো, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পৌকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম