চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে পবিত্র উয়েস্বাল শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক মুফতী গিয়াস উদ্দীন আত-ত্বাহেরী ‘বট বাহিনী’ উল্লেখ করে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা মাজার পূজারী নই, আমরা মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করি এটাই সুন্নত। অথচ, বট বাহিনীরা আমাদের ট্যাগ করে বলেন আমরা নাকি মাজার পুজারী।
শনিবার (২ মে) দুপুরে আয়োজিত এ মাহফিলে তিনি আরও বলেন, কিছু লোক আমাদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে বলে আমরা মাজার পূজা করি। কিন্তু আমাদের পরিচয় সুন্নী আমরা সুন্নাহর অনুসারী।
সমসাময়িক প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদের ভেতরে মিলেমিশে থাকার কথা বলা হলেও বাইরে গিয়ে অনেকে বলে আগের ফ্যাসিবাদের চেয়েও বর্তমান ফ্যাসিবাদ বেড়েছে।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সারারাত মোবাইল টিপে সময় নষ্ট করেন, চোখের ক্ষতি করেন। অথচ, এশার নামাজের পর ঘুমিয়ে ফজরের নামাজের জন্য উঠলে সেটি ইবাদতের শামিল হবে।
মাহফিলে তিনি কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন।
নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন দরবারের মসজিদে ফাতেমাতুজ যোহরার খতিব হযরত মাওলানা জাকারিয়া শিকদার।
হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, ফরাজী কান্দি কামিল মাদ্রাসার সাবেক ফকিহ আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হেলাল উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ড. এটিএম আহমাদ হোসাইন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা, শাহাদাত হোসেন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইমামুত ত্বরিকত আল্লামা শায়েখ বোরহানউদ্দিন (রাঃ) ৬২ তম এবং আল্লামা শায়েখ ড. মনজুর আহমেদ এর ১৪ তম ওয়েসাল দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
ফম/এমএমএ/


