চাঁদপুর: উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে শহরের বাবুরহাট মডেল টাউন এলাকায় বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।
তিনি বলেন, একটি দেশের সুনাগরিক গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা-ই পারে একজন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মোশাররফ হোসাইন আরো বলেন, একটি শহরের নাগরিকদের জীবনমান কেমন হবে তা অনেকটাই নির্ভর করে সেখানকার জনপ্রতিনিধির উপর। জনপ্রতিনিধি সৎ হলে ওই শহরের নাগরিকদের সুযোগ সুবিধা এবং উন্নয়ন বৃদ্ধি পায়। আপনার আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আমাদের জাতীয় পৌরসভার এমন একজন ব্যক্তি প্রতিনিধি হোক, যার কাছে নাগরিকদের আমানত রক্ষিত থাকবে। যিনি জনগণের আমানতের খেয়ানত করবেন না। যদি নেতা নন, আপনাদের সেবক হবেন।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগত জীবনে হালাল এবং হারামকে গুরুত্বের সাথে মেনে চলি। আমার কষ্ট যেতে উপার জন্য অর্থ দিয়ে মানুষের কল্যাণে যে কাজগুলো করছি, তা আখেরাতের আশায়। আমি সত্যিকার অর্থে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য চাঁদপুর শহরের স্বপ্ন দেখি। যেখানে একজন নাগরিকও তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। আল্লাহ যদি কখনো আল্লাহ আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে কথা দিলাম– সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি চাঁদপুর বিনির্মাণে করব।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং আশ্রাফ খানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্নিবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মহসিন গাজী, সমাজসেবক হান্নান বেপারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ, পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডাক্তার শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দে, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর ঘাট পাটুয়াটুলী জামে মসজিদের ইমাম ও খতিব আঃ কাদের। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সবশেষে বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/


