হাজীগঞ্জে ৪ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মালিককে জরিমানা, দুটি সীলগালা

চাঁদপুর: নিবন্ধন না থাকা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং দুটিকে সীলগালা করা হয়েছে।

রোববার (৪ মে) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতাল মালিককে ৫ হাজার, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টার মালিককে ৩০ হাজার ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিবন্ধন না থাকায় তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাতেহা ডায়াগণস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও সীলগালা এবং সুর্যের আলো ক্লিনিক সীলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানা পুলিশ সদস্যরা।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম