শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য শিক্ষা বার্তা

চাঁদপুর: আগতদের  মাঝে মৌলিক স্বাস্থ্য বিষয়ক সকল প্রকারের তথ্য ও বিশেষ সচেতনতা সৃষ্টিতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগীদের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বার্তা।

স্বাস্থ্য শিক্ষা বার্তা প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগ,  পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে এসব বার্তা প্রচার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এতে আগত রোগী ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা, হাসপাতালের বিভিন্ন সেবা, গর্ভবতী ও প্রসূতিদের সেবা ও পরিচর্যা, টিকাদান, শিশুদের পরিচর্যা ও টিকাদান, অসংক্রামক রোগ সংক্রান্ত তথ্য ও সেবা, নারীদের জরায়ুমুখের ক্যান্সার, স্তন ক্যান্সার ও উচ্চ রক্তচাপের পরিক্ষা ও প্রতিরোধে সতর্কতা এবং সুস্থ্য জীবন যাপন সম্পর্কিত বিভিন্ন বার্তা জানিয়ে দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্লাহ মিয়া, প্রধান অফিস সহকারী সঞ্জয় কুমার আইচ ও নার্সিং সুপারভাইজার প্রতিদিন এ কার্যক্রম পরিচালনা করে থাকেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, গত ৬ মাস ধরে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা বার্তা প্রচার করা হচ্ছে। প্রতিদিন সকালে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ প্রচারণা চালানো হচ্ছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম