মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনমূলক প্রচারণায় নেমে পড়লেন সড়কে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলা বাজার বেরীবাধ গাড়ী স্ট্যান্ডে এ দৃশ্য চোখে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদে যাতে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে তিনি কাজ করছেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস চালক ও যাত্রীদের সাথে কথা বলেন। যাতে করে চালকরা নিরাপদে গাড়ী চালান এবং যাত্রীরাও সাবধানে যাত্রা পথে চলাচল করেন। এতে করে উভয়ে সুষ্ঠু সুন্দরভাবে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। এসময় নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন উপস্থিত ছিলেন।
পরে এক ব্রিফিংয়ে এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ঈদ যাত্রা যাতে ভালো ভাবে করতে পারে মানুষ সেজন্য নির্দেশনা দিয়েছেন। তাই আমরা জনগণের কল্যাণে আজকে সচেতনমুলক প্রচারণা করেছি। ইতোমধ্যে সরকার ট্রেন সিডিউল এবং বাস চলাচল সুন্দরভাবে পরিচালনার জন্য ব্যবস্থা নিয়েছেন। নগরের মানুষ গ্রামে নাড়ীর টানে ফেরা শুরু করেছে। আমি সার্বিক ভাবে মানুষের কল্যাণ কামনা করি। সড়ক দুর্ঘটনা ও যানজট মুক্ত যাত্রা হোক সবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ফম/এমএমএ/



