মেঘনায় জাটকা ধরায় ৫ জেলের অর্থদন্ড, কারেন্টজাল জব্দ

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে জাটকা ধরা অবস্থায় আটক ৫ জেলেকে ২ হাজার ৫শ’ টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সময় জব্দ করা হয় ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি জাটকা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান শেষে রাত ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেহেদী হাসান ও লোকমান।

অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নির্দেশে কোস্ট গার্ড ও নৌপুলিশসহ আজকের বিশেষ কম্বিং অপারেশন বেলা আড়াইটা হতে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর এলাকার বহরিয়া, মিনি কক্সবাজার, কাছিকাটা, লালপুর, শফরমালী, আনন্দ বাজার এলাকায় পরিচালিত হয়।

অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা আটক হয়। জব্দকৃত জাল দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জাটকা গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম