ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার সানকিসাইর (শহীদ সৈয়দ নগর) এলাকার উকিল বাড়িতে তাঁর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার শামীম হোসেন ওই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি বালিথুবা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে দুটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একই ব্যাগের ভেতর পলিপ্যাকে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ও ১৯(ক) উপধারায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সোহেল রানা।
ফম/এমএমএ/


