ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসে থাকা ভাইয়ের ঘরের দরজার তালা ভেঙে আরেক ভাই ঘরের মালামাল বাইরে ফেলে দিয়ে দরজায় নতুন তালা মেরে দখলের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় প্রবাসী ভাইয়ের পক্ষে তার এক বোন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের মধ্য বিশকাটালী গ্রামের।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মধ্য বিশকাটালী গ্রামের প্রয়াত মফিজ মেম্বারের দুই ছেলে মানিক হোসেন ও জসিম উদ্দিন সপরিবারে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকেন। তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে কয়েক সপ্তাহ পূর্বে দেশে আসা বড়ো ভাই মানিকসহ অন্যরা গত ১ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে তার ছোট ভাইয়ের কক্ষের দরজার তালা ভেঙ্গে ঘরের সকলে মালামাল বাইরে ফেলে দিয়ে পুনরায় নতুন করে তালা মেরে দেয়। এতে ছোট ভাই জসিমের সকল মালামাল ক্ষতিগ্রস্থ হয় যার মুল্য প্রায় ২০ লাখ টাকা বলে অভিযোগে বলা হয়।
দুই সহোদরের মা জয়তুন নেছা জানান, তার দুই ছেলে মানিক ও জসিম সপরিবারের কাতারে থাকে। সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্ধের জের ধরে বৃহষ্পতিবার তার বড়ো ছেলে মানিক লোকজন নিয়ে এসে প্রবাসে অবস্থান করা জসিমের ঘরের তালা ভেঙ্গে থেকে সকল মালামাল বাইরে ফেলে দিয়ে পুনরায় তালা মেরে দেয়। তিনি জানান, তার স্বামী বেঁচে থাকতেই প্রথমে একতলা ভবন নির্মাণ করা হয়। সেই সময়ে দুই ভাই তাদের পরিবারের জন্য আলাদা আলাদা কক্ষ এবং আমার ও আমার মেয়ে এবং আত্মীয় স্বজনরা আসলে তাদের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা হয়। পরবর্তিতে বড়ো ছেলে মানিক একতলার উপরে দোতলা নির্মাণ করে সেখানে চলে যায়। ফলে নিচতলার খালি কক্ষগুলোতে ছোট ছেলে তার ৪ মেয়ে স্ত্রীসহ থাকতো, যখন তারা দেশে আসতো। আমাদের সংসার সুন্দর ছিলো, কিন্তু এখন সব তছনছ হয়ে গেলো। বাইরের লোকজনে এসে ভাইয়ে ভাইয়ে বিবাদ সৃষ্টি করলো।
লিখিত অভিযোগকারী শান্তা বেগম জানান, তার ভাই জসিমের হয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি এখন ভয়ে বাবার বাড়িতে আসতে পারছেন না। তার বড়ো ভাই যা করেছেন, তা অন্যায়। সালিশদের নিষেধ অমান্য করে তিনি ঘরের মালামাল বাইরে ফেলে নষ্ট করেছেন ।
প্রবাসে থাকা জসিম উদ্দিন মুঠো ফোনে জানান, তারা দুই ভাই মিলে এই ভবন করেছেন। বড়ো ভাই দোতলায় এবং তিনি নিচতলায় থাকতেন। মা যতোদিন বেঁেচে থাকবেন, ততোদিন নিচকলার কক্ষ থাকবেন। কিন্তু বৃহষ্পতিবার হঠাৎ করেই তার বড়ো ভাই এলাকার শালিসদের কথা অমান্য করে আমার ঘরের তালা ভেঙ্গে ঘরের আসবাবপত্রসহ সকল কিছু বাইরে ফেলে দিয়েছেন এবং লুটপাটও করা হয়েছে। পরে ঘরটি দখল করে নিয়েছেন। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে থানায় বোনের মাধ্যমে অভিযোগ করেছেন।
অন্যদিকে মুঠো ফোনে বড়ো ভাই মানিক হোসেন জানান, তার অর্থায়নে এই পুরো দোতলা বাড়ি নির্মিত হয়েছে। কিন্তু তার ছোট ভাই জসিম প্রবাসে থেকে তার নামে নানা বাজে কথা ছড়াচ্ছে। এমনকি হুমকিও দিয়েছে তাকে দেখে নেয়ার । তার আচরণে অতিষ্ট হয়ে তার নিজের বাড়ি থেকে তার মালামাল বের করে দিয়েছেন।
ফম/এমএমএ/


