
হাইমচর (চাঁদপুর): বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি মূলক অপপ্রচার করার অভিযোগে হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিককে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার আলগী সদর একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে পুলিশ আটক করে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাজহারুল ইসলাম শফিককে আটকের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া সাংবাদিকদেরকে বলেন, হাইমচর উপজেলায় আমরা বিএনপি আওয়ামী লীগ অত্যন্ত সহনশীল থাকলেও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক অপপ্রচার করে যাচ্ছে। দীর্ঘদিন হতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচার করে আসছে। বিষয়টি দলীয়ভাবে আমরা ব্যথিত। তাকে আইনের আওতায় নেয়ায় হাইমচর থানা পুলিশকে ধন্যবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কটাক্ষ করে অপপ্রচার করে আসছে। তিনি উপজেলায় একজন মুখোশধারী, একজন প্রতিক্রিয়াশীল রাজনীতিবিদ। তার দলের বৃহৎ অংশের কাছেও বিতর্কিত।
হাইমচর উপজেলা যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার আইডিতে সবসময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বিরোধী অপপ্রচারে ভরপুর। তাকে আইনের আওতায় নেয়ায় হাইমচর থানা পুলিশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তার মত আরো যারা আছে, তাদেরকেও আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ফম/এমএমএ/


