পূজা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে: এমপি মানিক

চাঁদপুর: শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা করবেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা এবং আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের নিরাপত্তা ও সহযোগিতার দায়িত্ব আমাদেরও রয়েছে। আমরা যেমন সুন্দরভাবে ঈদ উদযাপন করি, তেমনি আপনারাও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে পালন করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া কামনা করেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

সন্ধ্যা ৭টায় প্রথমে হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের তেলির মোড় এলাকার জগন্নাথ মন্দির শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সেখানে জগন্নাথ মন্দির শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন স্বর্ণকারের সঞ্চালনায় বক্তব্য দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।

পরে রাত পৌনে ৮টায় একই ইউনিয়নের কমলাপুর এলাকার আলগী দুর্গাপুর দুর্গাদেবীর মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। সেখানে মন্দির কমিটির সভাপতি আশুতোষ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার ওসি শাহ আলম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।

জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম