ধর্ম (কবিতা)

প্রতিকী ছবি।
যুবক অনার্য
প্রতিদিন রুচি বদলাতে চাই,তাই নতুন নতুন ফুল প্রয়োজন
 প্রতিদিন নতুন নতুন সৌরভ
তাই প্রতিদিন নব নব প্রেম প্রয়োজন
নব নব মাংসের ঘ্রাণ
এসব কি যায় প্রকাশ্য দিবালোকে বলা!
অথচ এসব তো সবারই অবচেতন- মৌলিক গাথা।
শেফালির মাংসের স্বাদ আজকাল বড্ড বাসি হয়ে গেছে
সুজয়ার সৌরভ কিছুটা কি প্রয়োজন নয়!
এসব বললে প্রকাশ্য দিবালোকে বোলবেই লোকে
ছি ছি ক্যারেক্টার লুজ লুচ্চা ভয়ংকর
অথচ এসব তো সবারই অবচেতন- মৌলিক গাথা।নয়?
একশ’ শেফালি একশ’ সুজয়া তারপর সুহাসিনি
রেনু বালা রাধা বোস আরো কতো কেউ প্রতিদিন
প্রতিদিন নব নব রুচির চর্চা হোক তীব্র তীব্রতম মাংসের ঘ্রাণে।
হে আত্মপ্রবঞ্চক মানব সম্প্রদায়
তোমার আত্মাকে নগ্ন করে দেখো- তুমি
এক টুকরো মাংসের দেবতা
কিংবা পুজারির চেয়ে অন্য কিছু নও
মাংসের চেয়ে পবিত্র কোনো ধর্ম আছে নাকি!

ফোকাস মোহনা.কম