
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় ধেররা মৎস্য আড়তের অবৈধ ইজারা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন আড়ত মালিক ও ব্যবসায়ীরা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে আড়ত প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, পূর্বে অনুমোদিত আড়তকে অবৈধভাবে ‘খোলা ইজারা’ ঘোষণা করে হয়রানি করা হয়েছিল। পরে আড়তের ভূমি মালিকের প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হোসেন উচ্চ আদালতে রিট করলে আদালত আড়তটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় ইজারামুক্ত রাখতে হাজীগঞ্জ পৌরসভাকে নির্দেশ দেন।
তবে আদালতের নির্দেশ অমান্য করে সম্প্রতি বাজারটি পুনরায় ইজারা দেয় হাজীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও হয়রানি বন্ধে আদালতের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
ধেররা মৎস্য আড়ত ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, ইজারার বিষয়ে পৌর কর্তৃপক্ষ আমাদের কিছুই অবহিত করেনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো ব্যবসায়ী ইজারার চাঁদা দেবেন না। আমরা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেব।
আড়তের ভূমি মালিকের প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি। এখানে পৌরসভার ইজারা দেওয়ার কোনো এখতিয়ার নেই। আদালতের নির্দেশ অমান্য করা আদালত অবমাননার শামিল।
প্রতিবাদ সমাবেশে আড়ত ব্যবসায়ী খলিলুর রহমান, শাহজালাল নির্মল দাস, সুনীল সরকার, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ফখরুল ইসলামসহ সকল আড়ত মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



