চাঁদপুর: সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে চাঁদপুরে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি )মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চিকিৎসা শিবিরে অসহায় ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান।
সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে সরকারসহ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


