কলায় ক্ষতিকর ক্যামিকেল, ফরিদগঞ্জে ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষতিকর ক্যামিকেল স্প্রে করে কাঁচা কলা পাকানোর দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কালীরবাজার মোড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলার কালীরবাজার মোড়ে কলার আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে।
ক্ষতিকর ক্যামিকেল স্প্রে করে কাঁচা কলা পাকানোর দায়ে এবং অযৌক্তিকভাবে বেশি দামে কলা বিক্রির অপরাধে মদিনা ফল বিতানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়াও সব কলা ব্যবসায়ীদের কলায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য না মিশানো এবং কলার দাম কমানোর বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ফরিদগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম