চাঁদপুর: চাঁদপুরের কচুয়ার করইশ গ্রামের স’মিল মিস্ত্রী আলমগীর হোসেনের হত্যাকান্ডের প্রধান আসামী জামাল হোসেন সুন্দর আলীকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠায় কচুয়া থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের সমন্বয়ে চৌকস পুলিশ দল কুমিল্লা জেলার চান্দিনা থানায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম জানান, আলমগীর হোসেনের হত্যাকান্ডের পর থেকে প্রধান আসামী জামাল হোসেন ওরফে সুন্দর আলী গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যান। একাধিক বার নিজ অবস্থান পরিবর্তন করাসহ ছদ্মবেশে বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে লুকিয়ে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামীর সঠিক অবস্থান নিশ্চিত হওয়ার পর চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম জানান, কচুয়ার আলোচিত আলমগীর হত্যা মামলার প্রধান আসামী জামাল হোসেনকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজহারভুক্ত বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে গত ৬ আগস্ট বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে কচুয়া পৌরসভার করইশ গ্রামে স’মিল মিস্ত্রী আলমগীর হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে জামাল হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থলে হত্যা করে। ২৩ আগস্ট নিহত আলমগীরের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে কচুয়া থানায় জামাল হোসেন ওরফে সুন্দর আলীকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ফম/এমএমএ/


