ঈদ উদযাপন: কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

চাঁদপুর: প্রিয়জনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে আবারো চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। একই অবস্থা ছিলো শুক্রবারে। বিশেষ করে শনিবার (১৪ জুন) সরকারি চাকরিজীবীরা কর্মস্থলে যাওয়ার জন্য ভিড় জমাবেন।
এদিকে প্রতি ঘন্টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। কোন ভোগান্তি ছাড়াই ফিরছে লঞ্চযাত্রীরা। কারো কারো সঙ্গে রয়েছে স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দের ছাপ।
যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে চাঁদপুর লঞ্চঘাটে যৌথ বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে টহল অব্যাহত রেখেছে।  লঞ্চঘাটে ভোগান্তি নেই বলে জানিয়েছেন রাজধানীমুখী মানুষ।
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী রতন হোসাইন বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুরে এসেছি। এ বছর কোন হয়রানি বা ভোগান্তি ছাড়া ঈদ উদযাপন করেছি। পরিবারের সাথে ঈদ শেষে এখন আবার ফিরে যাচ্ছি। লঞ্চে যাওয়া মানি স্বস্তিদায়ক ঈদ যাত্রা। ঘন্টায় ঘন্টায় লঞ্চ থাকায় ভেতরে তেমন একটা চাপ নেই।
আরেক যাত্রী কামরুল হাসান বলেন, দীর্ঘ ছুটি থাকায় লঞ্চে কোনো ভীড় নেই। ঈদ শেষে সবাই সুবিধামত কর্মস্থলে যাচ্ছে। ঈদের আগেও কোন ভোগান্তি হয়নি।
চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ থেকে পর্যাপ্ত লঞ্চ ব্যবস্থা রেখেছি। তবে প্রয়োজন না হওয়ার সিডিউলের বাইরের কোন লঞ্চ যোগ করতে হয়নি। এই বছর যাত্রীরা খুব ভালো ভাবে ঈদ যাত্রা করতে পারছে। এখনো পর্যন্ত কোন যাত্রীর অভিযোগ কিংবা অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম