আওয়ামী লীগ কার্যালয় দখলের পর সংবাদ সম্মেলন করে মুক্ত করলেন বিএনপি

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়টি বন্ধ ছিল ৫ আগস্টের পর থেকে।
রোববার ( ২০ এপ্রিল) ওই কার্যালয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তালা ভেঙ্গে দখল করেন এবং উপজেলা বিএনপির প্রধান কার্যালয় হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্বলিত সাইনবোর্ড টানান।
এরপর একদিন না পেরোতেই সোমবার (২১ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ওই কার্যালয়টি দখলমুক্ত করে দেন তারা। সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপি’র একটি কার্যালয় উদ্বোধন করা হযেছে। সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠা করবো, বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে।
সুতরাং, আমাদের নেতা তানভীর হুদা নির্দেশ দিয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেয়া হোক। প্রয়োজনে এই বাজারে অন্য কোনো বিতর্কহীন স্থানে আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করতে। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয় বন্ধ করলাম।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে-এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তানভীর হুদা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার রিংকু, যুবদল নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, যুবদল নেতা মিজান প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, শ্রমিক দল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, তানজিল প্রধান প্রমুখ।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম