প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে

চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর: চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক। এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতির প্রসার, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আধুনিক পশুপালন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং প্রাণিসম্পদ খাতের বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম