শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে অর্থদন্ড

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-জমির মালিক শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহমান এবং অবৈধ ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন। আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফারুক হোসেনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম