হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর অঞ্চলের সহযোগিতায় এবং হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মধ্যচর সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লা কান্দি যুব সমাজ কল্যান সংঘ নুরুল হক মঞ্জিলা জুনিয়র হাই স্কুল (এম জে এস কে এন এল এম জুনিয়র হাইস্কুল) এর শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা, নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ, কমিটির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন এবং সদস্য স্বপন কুমার সরকার।
এ ছাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, এম.জে.এস.কে.এন. এল.এম জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল আজিম, সমাজসেবক আব্দুল হক মোল্লা, সমাজকর্মী মহসিন উদ্দিন দুদু মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; পাশাপাশি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ বলেন, বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো পরিবারে বাল্যবিবাহের পরিস্থিতি তৈরি হলে অভিভাবকদের ডেকে বোঝানোর মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে এলাকার মুরুব্বীদের মাধ্যমে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন যারা মাদক বিক্রি করে এবং সেবন করে গোপনে ৩৩৩ ফোন দিয়ে নিজের পরিচয় গোপন রেখে তাদেরকে ধরিয়ে দিন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা পড়াশোনা করে এই চর থেকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, চরাঞ্চলে মাদকের বিস্তার রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদকের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একজন শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইভটিজিং প্রতিরোধেও শিক্ষক, সমাজসেবী ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান। মেয়েরা যাতে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকেও সবাইকে নজর রাখার কথা বলেন তিনি।
আলোচনা শেষে বিভিন্ন শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ফম/এমএমএ/



