চাঁদপুর: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টি ও বেকারিপণ্য প্রতিষ্ঠান বনফুল এখন চাঁদপুর শহরের কালীবাড়িতে। ক্রেতাদের চাহিদা পূরণ এবং মানসম্মত মিষ্টি ও বেকারিপণ্য সহজলভ্য করার লক্ষ্যে চাঁদপুর পৌরসভা রোডে প্রতিষ্ঠানটির নতুন শোরুম চালু করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন মসজিদের ইমাম মাওলানা জাফর আহমেদ।
পরে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুলের ডিজিএম শেখ ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইন্সপেক্টর অফিসার মো. মঞ্জু ও মামুন, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর, ভাই ভাই ফুডের পরিবেশক মো. রুবেল হোসেন চৌধুরী, পারভেজ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর চরদুঃখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাছির আহমেদ বেপারীসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বনফুলের ডিজিএম শেখ ফরিদ বলেন, বনফুল চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানসম্মত মিষ্টি ও বেকারিপণ্য সরবরাহ করে আসছে। চাঁদপুর শহরের কালীবাড়িতে নতুন শোরুম চালুর মাধ্যমে এ অঞ্চলের ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আমরা আশা করি, গুণগত মান, পণ্যের বৈচিত্র্য ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে চাঁদপুরবাসীর আস্থা অর্জন করতে পারব।
তিনি আরো বলেন, ক্রেতাদের সন্তুষ্টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্যের মান বজায় রেখে গ্রাহকদের চাহিদা পূরণে বনফুল সবসময় সচেষ্ট থাকবে।
শোরুমটির উদ্যোক্তা ও ভাই ভাই ফুডের পরিবেশক মো. রুবেল হোসেন চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বনফুলের সুনাম ও ঐতিহ্য ধরে রাখা। পাশাপাশি মানসম্মত পণ্য ও ভালো সেবা দিয়ে চাঁদপুরবাসীর আস্থা অর্জন করাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও জানান, নতুন এই শোরুমে ক্রেতারা বিভিন্ন ধরনের মিষ্টি, দই, কেক, বেকারিপণ্য ও নাশতা পাবেন। মিষ্টির মধ্যে রয়েছে ক্ষীরমোহন, রসমালাই, সন্দেশ, কালোজাম, রসগোল্লা, চমচম, ইরানি চমচম, সাদা, লাল ও কালো মিষ্টি, বালুশাই, ছানার বালুশাই, মাওয়া লাড্ডু, মতি লাড্ডু, কদমী লাড্ডু, খিরমালাই ও ক্রিম জাম। এ ছাড়া রয়েছে কাপ দই, বিভিন্ন ধরনের কেক, চকলেট কেক, কাপকেক, বিস্কুট, গ্যালারি বিস্কুট, বাটার টোস্ট, বনফুল টোস্ট, ব্রেড, বাখরখানি, শাহী বাখরখানি ও বিভিন্ন ধরনের স্ন্যাকস।
ফম/এমএমএ/


