পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা, পচা ও বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সময় এসব অনিয়মের দায়ে ইসলামীয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে পচা ও বাসি খাবার এবং খাবারে ব্যবহৃত ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়।
অভিযানে কচুয়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম