চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের পূর্ব মদনায় আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ইউনিয়নের মদনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ খেলায় মদিনা সুপার কিং ও একতা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মদিনা সুপার কিং।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও চান্দ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা নাসির আহমেদ গাজী, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। খেলাধুলা হতে পারে সেই পথের অন্যতম কার্যকর মাধ্যম।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠমুখী তরুণরা মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পায়। তাই শুধু একটি টুর্নামেন্ট আয়োজন নয়, ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে চান্দ্রা ইউনিয়ন থেকেই একদিন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে-এটাই আমাদের প্রত্যাশা। তরুণদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল তুলে দিতে হবে।
মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; সচেতন নাগরিকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। কেউ মাদক সেবন, বিক্রি বা সরবরাহের সঙ্গে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজকেও তাদের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
যুব নেতা মোঃ সুজনের সার্বিক ব্যবস্থাপনায় মাদকবিরোধী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।
ফম/এমএমএ/



