হৃদযন্ত্রে জটিলতা : শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

চাঁদপুর: জন্মের পর থেকেই কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে দিন কাটছে চাঁদপুর সদরের সাত মাস বয়সী শিশু ইসরাফিল আয়দিনের। জন্মগতভাবে তার হৃদযন্ত্রে একাধিক জটিল ত্রুটি ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হার্টে মোট ৯টি গুরুতর জন্মগত সমস্যা রয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা ও ধারাবাহিক অস্ত্রোপচার না হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

ইসরাফিলের পিতা ইমরান হাসান ও মাতা ইফফাত জাহান ইতি। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকার কবিরাজ বাড়িতে। মধ্যবিত্ত পরিবারের এই দম্পতি ইতোমধ্যে সন্তানের চিকিৎসায় সর্বস্ব ব্যয় করে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হৃদযন্ত্রে একাধিক জটিল জন্মগত সমস্যা রয়েছে। এসব কারণে তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছে না।

বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুননাহার ফাতেমা-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে ইসরাফিল। উন্নত চিকিৎসার জন্য ভারতের নারায়ণা হেলথে দ্রুত দুটি হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসব অস্ত্রোপচারের জন্য আনুমানিক ১০ লাখ টাকা বা তারও বেশি ব্যয় হবে বলে জানানো হয়েছে।

এত বিপুল অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সন্তানের জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন জানিয়েছেন শিশুটির বাবা-মা।

সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল): ০১৭১৯-৪১৫৭৯৪।

একটি ছোট্ট সহযোগিতাও ইসরাফিলের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। মানবিক সহায়তায় হয়তো ফিরে পাবে সুস্থ ও স্বাভাবিক শৈশব।

ফম/এমএমএ/