চাঁদপুরে ২৪ ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সোমবার দুপুরে শহরের কোর্ট স্টেশন এলাকা। ছবি: মো. মাইনুল ইসলাম।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বছর বর্ষা মৌসুমে এটাই ছিলো সর্বোচ্চ বৃষ্টিপাত।

সোমবার (২০ জুলাই) সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে টানা তিনঘন্টা বৃষ্টিতে পুরো শহর জলমগ্ন হয়ে পড়ে। এছাড়াও জেলা জুড়ে একই সময়ে বৃষ্টিপাত হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বৃষ্টিপাতের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) চাঁদপুর জেলায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শহর ঘুরে দেখাগেছে বিভিন্ন মহল্লার সড়কগুলো অতিবৃষ্টিপাতের কারণে হাটু সমান পানি হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সড়কের প্রধান সড়কগুলোতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে শহরবাসীকে। তবে কিছু সময় পর ধীরে ধীরে পানি কমে চলাচল স্বাভাবিক হয়।

এদিকে টানা ৩ঘন্টার বৃষ্টিতে দিনের গুরুত্বপূর্ণ এই সময়ে অনেকেই প্রয়োজনীয় কাজে বের হতে পারেননি। অনেকটা স্থবির হয়ে পড়ে সব ধরণের কার্যক্রম।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম