চাঁদপুরে সাহিত্য একাডেমির আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছে ১৩ শিক্ষার্থী

আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিচরকরা। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরে কবিতার ছন্দ, উচ্চারণের সৌন্দর্য আর মঞ্চে আত্মবিশ্বাসী পরিবেশনায় মুখর ছিল সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন।

শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে পুরস্কার পাচ্ছে ১৩ শিক্ষার্থী।

প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী মিতা ঘোষ এবং একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক। প্রতিযোগীদের উচ্চারণ, আবৃত্তির ভঙ্গি, কণ্ঠসৌন্দর্য, উপস্থাপনা ও সামগ্রিক পরিবেশনার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন ইয়াস ইকবাল (আল-আমিন একাডেমি), দ্বিতীয় হন আলিফ মজুমদার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল) এবং তৃতীয় হন বিক্রমাদিত্য দাস (মিশন প্রাইমারি স্কুল), চতুর্থ স্থান অর্জন করেন আফিয়া সিদ্দিকা আইদাহ (কালেক্টরেট স্কুল), যৌথভাবে পঞ্চম হন আরশি নূর মমতা (শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুরুল ইসলাম ইভান (হাসান আলী মডেল সপ্রাবি) ও ইনতিহা ইকবাল (কালেক্টরেট স্কুল)।

‘খ’ বিভাগে প্রথম হন মুহতাদী শাফী (হাসান আলী সউবি), দ্বিতীয় তাসপিয়া আক্তার (মাতৃপীঠ সরকারি বাউবি) এবং তৃতীয় নিয়ন্তা সরকার (পুরানবাজার মধুসূদন হরিসভা উবি)।

‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মাহজেবিন জান্নাত (বালিথুবা আব্দুল হামিদ উবি), দ্বিতীয় হন সাহেলা মেহজাবীন ছোঁয়া (আল-আমিন একাডেমি) এবং তৃতীয় হন তানজিদ কোতয়াল (দ্বারকানাথ উবি)।

সব মিলিয়ে তিন বিভাগে মোট ১৩ জন প্রতিযোগী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহিল কাফী এবং সদস্য সচিব খোকন মজুমদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান, আশিক বিন রহিম, সদস্য রাজীব দাসসহ প্রতিযোগীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, একাডেমির এ ধরণের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলাভাষা, সাহিত্য এবং আবৃত্তিচর্চার প্রতি আগ্রহ ও অনুরাগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১১ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম