
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সহস্রাধিক সিএনজি, অটোরিকশা ও ভ্যানচালকের মাঝে কোরবানির গরুর মাংস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ উদ্যোগ নেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও নিম্নআয়ের চালকদের মাঝে দেড় কেজি করে কোরবানির মাংস বিতরণের পাশাপাশি মসলা কেনার জন্য জনপ্রতি ২০০ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান বলেন, প্রতিবছরের মতো এবারও কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, সে জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র জন্য দোয়া কামনা করেন তিনি।
এমপি হান্নান আরও বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। রমজান ও কোরবানির ঈদ উপলক্ষে প্রাপ্ত অনুদান সঠিকভাবে বণ্টন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে ফরিদগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



