লিগ্যাল এইড সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতে একটি কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ

-----চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

চাঁদপুর: চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়েছে।
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্য হলো দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা, যাতে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। তিনি আরও বলেন, আদালতের মামলা-মোকদ্দমা কমিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে লিগ্যাল এইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, লিগ্যাল এইড মূলত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। নির্ধারিত আয়সীমার মধ্যে থাকা অসচ্ছল মানুষদের মামলার ব্যয়ভার আংশিক বা সম্পূর্ণভাবে সরকার বহন করে থাকে। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের বিচারব্যবস্থা প্রতিদ্বন্দ্বিতামূলক কাঠামোর ওপর পরিচালিত হওয়ায়, আইনি সহায়তা ছাড়া অনেকের পক্ষে ন্যায্য অধিকার আদায় করা কঠিন হয়ে পড়ে। লিগ্যাল এইড সেই প্রতিবন্ধকতা দূর করে সমঅধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমে প্যানেলভুক্ত আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরা ব্যক্তিগত ব্যস্ততা ও বড় মামলার চাপ থাকা সত্ত্বেও নামমাত্র সম্মানী কিংবা বিনা সম্মানীতে অসহায় মানুষের মামলা পরিচালনা করছেন। বিচারকবৃন্দ ও লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ সেবাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সিভিল জজ) মো. আবদুল আলিম।
চাঁদপুর সদর আদালতের সিভিল জজ শম্পা ইসলামের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত মোঃ কামাল হোসাইন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, সরকারি কৌশলী (জিপি) অ্যাড. এ. জেড. এম রফিকুল হাসান (রিপন), পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. কোহিনুর বেগম।
লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সেরা আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন আইনজীবী ফরিদা ইয়াসমিন ও নুরুল হক।
সেমিনারে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। একইসঙ্গে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলায় বিভিন্ন তথ্যকেন্দ্র স্থাপন করে সেবাগ্রহীতাদের আইনি সহায়তা, পরামর্শ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম