হাজীগঞ্জে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৭ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

অভিযানে অপ্পো মোবাইল শোরুম, ইজি ব্র্যান্ড, ফাতেমা ইলেকট্রনিক, হাই চয়েজ, সাথী লাইব্রেরি ও যুথি ফ্যাশনসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সফিউল বাশার রুজমন, হাজীগঞ্জ থানা পুলিশ এবং হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম