শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবীতে শিশুদের মানববন্ধন

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি, নোয়াপাড়া ও পরানপুর গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় দুই শতাধিক কোমলমতি শিশু শিক্ষাবঞ্চিত হয়ে পড়ছে। বিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তর থেকেই ঝরে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নোয়াপাড়া, বেরকী ও পরানপুর গ্রামের কোমলমতি শিশুদের অংশগ্রহণে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিশু ও অভিভাবকরা দ্রুত একটি বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মো. মাহবুবুল আলম পরান। এতে বক্তব্য দেন সমাজসেবক মো. কামাল হোসেন মজুমদার এবং খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন মজুমদার জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, খোরশেদ আলম, বদিউল আলম মজুমদার, আবুল হায়াৎ মিঠু, নূরে আলম মজুমদার, হারুনুর রশিদ, জহিরুল ইসলাম, শরিফুল ইসলাম, রুস্তম আলী, কাউসার আলম, জামাল হোসেন, আরিফুল ইসলাম, আবু ইউসুফ সোহাগ, শফিকুল ইসলাম মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শিশুদের প্রাক-প্রাথমিক স্তরে ভর্তি করতে হলে ৩ থেকে ৪ কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে হয়। কিন্তু চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এত দীর্ঘ পথ অতিক্রম করা অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া সড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে অভিভাবকরাও সন্তানদের দূরে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

তারা বেরকি, নোয়াপাড়া ও পরানপুর গ্রামের যেকোনো একটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানান। তাদের মতে, বিদ্যালয় স্থাপন করা হলে এ অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

দ্রুত সময়ের মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তিন গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে ভুক্তভুগি মহল। স্থানীয়রা জানান উপজেলা শিক্ষা অফিসারের নিকট স্কুল প্রতিষ্ঠার দাবিতে লিখিত ভাবে আবেদন করা হয়েছে।

এবিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম