শহরের লোহার পোল-দোকানঘর সড়ক সংস্কারের দাবিতে চালকদের বিক্ষোভ

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে লোহার পোল থেকে হরিনা সড়ক। দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় উচু নিচু ও ঢালু হওয়ায় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এই ভাঙ্গা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক গর্ভবতী নারীর রাস্তায় সন্তান প্রসব হয়েছে।

অবশেষে লোহারপুল থেকে দোকানঘর সড়ক সংস্কারের দাবিতে সিএনজি ও অটো রিক্সা চালকরা বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের মাঝখানে টিনের বেড়া দিয়ে বিভিন্ন জায়গায় গাছ ফেলে বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুরান বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পুরো দিন এই গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় জনগণের চরম দুর্ভোগে পড়তে হয়।

এর পূর্বেও এই সড়কটি চালকরা সংস্কারের দাবিতে বন্ধ করে দেওয়ার পর চাঁদপুর পৌর প্রশাসক এক মাসের মধ্যে সড়কের কাজ করার আশ্বাস দেয়। তবে কাজের কাজ কিছুই হয়নি। এক মাস পেরিয়ে যাওয়ার পরও রাস্তার কাজ না করায় তারা পুনরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এ সময় শত শত অটো ও সিএনজি চালক সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।

একাধিক যানাবহন চালক জানান, এই সড়কে যানবাহন ও মালামাল নিয়ে কাত হয়ে এবং ঝুঁকি নিয়ে চলতে হয়। সড়কটি সমান করে নির্মাণ না করলে এই দুর্ভোগ কমবে না। এমন পরিস্থিতিতে সড়কের সংস্কার করে কোন লভা হবে না। সরকারের টাকা অপচয় হবে।
সড়ক বিভাগ চাঁদপুরের (সড়ক শাখা-২) এর উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, আপাতত আমরা সড়কটির সংস্কার কাজ করছি। দোকানঘর থেকে বহরিয়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। মতলবের জাকির নামে ঠিকাদার এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। নানুপুর থেকে হরিণা পর্যন্ত দশ কিলোমিটারের অধিক সড়ক নির্মাণের জন্য ১৮ কোটি টাকার প্রকল্প দেয়া আছে। অনুমোদন হলে পুরো সড়কটি নির্মাণ হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম