মেঘনা নদীতে বালুর ট্রলারে ডাকাতি, আহত ৩

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বালু বোঝাই ট্রলারে ডাকাতি ও হামলা হয়েছে। ডাকাতরা ট্রলারে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করেছে বলে অভিযোগ।

বুধবার (১ এপ্রিল) ভোরে মতলব উত্তর উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এ ডাকাতি ও হামলা হয়। ডাকাতদের হাতে ট্রলার মালিকের ভাই সাখাওয়াত হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ট্রলার মালিক মো. আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ট্রলার মালিক উল্লেখ করেন, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে ট্রলারটি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফেরে। এসময় মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়। ডাকাতরা ট্রলারে থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং ট্রলার মালিকের ভাই মো. সাখাওয়াত হোসেনের শরীরে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে।

হামলাকারীরা ট্রলারে থাকা বালু বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম