চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপারাধে আটক ১৪ জেলের মধ্যে ৮ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকী ৬জন নাবালক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ৮টা থেকে বুধবার (১ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার থেকে শুরু করে লালপুর পর্যন্ত তরপুরচন্ডী ও বিষ্ণুপুর ইউনিয়নের অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় জেলেদের কাছ থেকে পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক জেলেদের মধ্যে ৮জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকি ৬ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত ইঞ্জিন চালিত ৫টি মাছ ধরার নৌকা মামলার আলামত হিসেবে নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
ফম/এমএমএ/



