চাঁদপুর: চাঁদপুর শহরের পালপারা এলাকায় শীতলা মায়ের মন্দির সংলগ্ন একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা যায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের বাসার ভাড়াটিয়া আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার শিক্ষিকা শাহিনুর আক্তার প্রতিদিনের মতো সকালে সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে স্কুলে যান। এ সুযোগে বাসায় কেউ না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা কৌশলে আলমিরা খুলে সেখানে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
স্কুল থেকে ফিরে এসে বাসার দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন ভুক্তভোগী শিক্ষিকা। পরবর্তীতে তিনি বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে শহরের বিষ্ণুদি রোডের মুন্সি বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে চোর চক্রের সদস্য আকাশকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ফম/এমএমএ/



