ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আঘাত হানতে পারে ১১ জেলায়

ফাইল ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট হলে এর নাম হবে ‘মিধিলি’।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গভীর নিম্নচাপটি এখন মোংলা ও পায়রা বন্দর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর এগিয়ে যাওয়ার গতি বিশ্লেষণ করলে বলা যেতে পারে, ঘূর্ণিঝড় হিসেবে এটি আগামীকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। যেহেতু এখন পূর্ণিমা নেই এবং বাতাসের গতিবেগও কম, সেজন্য জলোচ্ছ্বাসের শঙ্কাও অনেক কম।

এনামুর রহমান বলেন, আবহাওয়ার দপ্তর থেকে বিপৎসংকেত দেওয়া হবে। সেটা সাত মাত্রায় উঠলেই যেন দ্রুততার সঙ্গে ঝুঁকিপূর্ণ মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাঠ প্রশাসনকে নির্দেশ দেব, তারা যেন আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখে।

আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় হামুনের সময় প্রতিটি জেলায় নগদ টাকা, শুকনা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। আরও কিছু প্রয়োজন হলে আমাদের জানালে ব্যবস্থা করে দেব।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড়ের কথা স্মরণ করে এনামুর রহমান আরও বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর নামে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। যে কারণে এ মাসটি বেদনাদায়ক। সিডরে ৩ হাজার ৬০০ লোক মারা গিয়েছিলেন। এ কারণে নতুন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করব।

১১ জেলা হলো : বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম ও বাগেরহাট।

ফম/এমএমএ/

নিউজ ডেস্ক | ফোকাস মোহনা.কম