চাঁদপুরে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আরোপ করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির দায়ে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় হোটেলে সংরক্ষিত পচা ও বাসি খাবার ধ্বংস করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানয় জানান, অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম