কচুয়ায় পুলিশের অভিযানে মাদকসহ যুবক আটক

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুুয়ায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল (২৬) নামে এক যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী দিঘীর পাড় এলাকার মদিনাতুল উলূম মহিলা মাদরাসার সামনের কচুয়া-আমিরাবাদগামী পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চৌধুরী দিঘীর পাড় (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা মো. রাসেলকে আটক করা হয়। তিনি মৃত আলী মিয়া ও সাজেদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, আটক রাসেলের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মোট ওজন ১ দশমিক ৬ গ্রাম এবং বাজারমূল্য ৪ হাজার ৮০০ টাকা বলে উল্লেখ করেছে পুলিশ।

এ ঘটনায় চাঁদপুরের কচুয়া থানায় এফআইআর নং-১৮, তারিখ ১৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে বুধবার (১৪ অক্টোবর) বিধি অনুযায়ী পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম